Friday, April 22, 2016

ঋণ

কিছুই কি প্রাপ্য ছিল এ জীবনে?/ তবু ঘাস, মাটি, জল, আলো, হাওয়া পেয়েছি মায়ের স্নেহের মতো; নীলাকাশ, ভোরের শিশির, জ্যোৎস্না, সবুজ বনানি কত মায়া এঁকে রেখে যায় প্রতিক্ষণে। কিছু কি প্রাপ্য হয় এ জীবনে? যা পাই, যেটুকু পাই, মুঠো ভরি, কোঁচড় ভরে রাখি, ভরে রাখি হৃদয়ের গোপন ভাঁড়ারে।/ কিছু তো প্রাপ্য ছিল না, তবু কত হাসি মুখ, দুচোখের উষ্ণতা রয়ে গেছে স্মৃতির কোটর ভরে।/ প্রাপ্য ছিল না তবু পেয়ে গেছি আরও যাহা কিছু, সেই সবও নতজানু হয়ে মাথা পেতে নিই - এক জীবনের যত ভুল, বেদনা, ব্যর্থতা, না পাওয়া।/ প্রাপ্য ছিল না তবু এ জীবনে তোমাকেও পেয়েছি বারংবার।

বাঙালি মেয়ে ও বাঙলার ডাকাত

বাংলাদেশের মেয়েরা একসময় নিয়মিত লাঠি, ছোরা খেলত। একা বাড়ির বউ একদল ডাকাত ঠেকিয়েছে বা তাড়িয়েই দিয়েছে বলে বা কৌশলে সে নজিরও অনেক ছিল। ডাকাতরা স্বাভাবিকভাবে সেসবেই অনেক দক্ষ ছিল তা সত্ত্বেও।

ছোটবেলা থেকেই এসবের চর্চা করলে মনের জোরও অনেক বেড়ে যায়। আমার মনে হয় আত্মবিশ্বাস এবং শরীরচর্চা বাড়িয়ে গুন্ডাদের রুখে দেওয়া এবং নিজেদের সম্মান রাখার কাজ চাইলে এখনও বাঙালি মেয়ে পারে। লেখাপড়ার পাশাপাশি এই সব শিক্ষাও জরুরি এবং বাধ্যতামূলক করা উচিত।

বছরে একবার শক্তিময়ী রূপে ধুমধাম করে পুজো করার চেয়েও মেয়েকে শক্তিময়ী করে গড়ে তোলাটা জরুরি। আর  ঠিক তেমনি আমি কী পোশাক পড়ব আর কী নেশা করব সেটা নিয়ে যেমন অন্যের মাথা গলানোর দরকার নেই, নিজেকে বাঁচাতেও নিজে পারব সেই জায়গায় যেন পৌঁছাতে পা্রি।

আমাদের প্রজন্মে আমরা অনেকেই এই সুযোগগুলো পাইনি। আগামী প্রজন্ম যেন এই ভুলটা না করে।

বাঙালি মেয়ে কোমর বাঁধলে বাঙলা থেকে আজও ডাকাত তাড়াতে পারে বৈকী।

Wednesday, April 13, 2016

মধ্যবিত্ত জীবন

এভাবেই কেটে যায় মধ্যবিত্ত জীবন ধূ ধূ গরমের দুপুরে একটানা পাখার আওয়াজের মতো।/ মাঝে মাঝে দোলা দিয়ে যায় কিছু আর্তনাদ ব্রীজ ভাঙে অথবা লাল-নীল পতাকার লড়াই
ভোট বল যাকে।/

যার যায়, তারই তো যায় একমাত্র রোজগেরে চাপা পড়ে ব্রীজের তলায়, / যার ছেলে খুন হয় ঘরে মাঠে, রাস্তার বাঁকে,/ রক্তাক্ত ধর্ষিত লাস হয়ে যার মেয়ে পথে পড়ে থাকে।/ যার যায় তারই তো যায়, অন্যেরা চিৎকারে কেবলি গলা ফাটায়।/ তারপরে সব চুপচাপ।/

অথচ সবারই আশ্বাস ছিল ভোটে জিতলে বাঁচাবে তাহাকে!/

বহুকালের পুরোনো পাখার মতো একঘেয়ে আওয়াজে দগ্ধ দিন কাটে,/ দিন কাটে ঘরে বা অফিসের যান্ত্রিক শীতলতার মাপে মাপে,/ রৌদ্রে ঘামে ভিড়ে চৈত্র সেলের বাজারের শেষ ডাকে।/ দিন কাটে।/


কেটে যায় ঝিমধরা মধ্যবিত্ত জীবন নুনে-ভাতে।

Saturday, April 9, 2016

দীর্ঘজীবী

ধর্মের জন্য হত্যা নতুন কোনও কাহিনি নয়। ইতিহাস ঘাঁটলেই দেশে-বিদেশে এর বহু নজীর পাওয়া যাবে। আসলে এ এক ধরণের কন্ঠরোধের চেষ্টা, চেষ্টা ক্ষমতা দখলের।

আসলে ধর্ম হল একটা চেতনাবোধ, এমন একটা অনুভব যা সহজে অনেক মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া যায়। ধর্ম মানুষ মারবার হাতিয়ার কোনদিনই নয়। হিন্দু ধর্মের মতো অতি প্রাচীন ধর্মে আদপে কোথাও কোনও গোঁড়ামি ছিল না। সমাজকে একটা নির্দিষ্ট চেহারা দিতেই এর জন্ম।

ধর্ম যখন ক্রমশঃ গোঁড়ামির দিকে যায় তখন তার থেকেই সৃষ্টি হয় আরও উদার ধর্মীয় মনোভাব। আসলে মানুষের সাধারণ স্বভাব কিন্তু অন্যকে ভালোবাসা। না-ভালোবাসাটা সম্পূর্ণ আরোপিত, কিছু স্বার্থান্যেষী মানুষের সৃষ্ট। বৌদ্ধ, জৈন, বৈষ্ণব ধর্ম বা ফকিরি আন্দোলন এইসবই সেই কথা বলে। ব্রাহ্মণ্য ধর্মের গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করেছেন বুদ্ধ, চৈতন্যেরা। সে যুগে ফেসবুক বা অন্যান্য আন্তর্জাল মাধ্যম তো ছিল না, তাই নতুন ধর্মের সৃষ্টি করতে হয়েছে নিজেদের প্রতিবাদ জানানোর জন্য। একই কারণে অনেক পরে সৃষ্টি হয়েছে ইয়ং বেঙ্গলদের আন্দোলনও।

আগে ধর্মের নামে নিয়মিতভাবেই নরহত্যা হত। ধর্ম ও সমাজের নামে হত সতীদাহ। তার বিরুদ্ধেও কম আন্দোলন হয়নি। শুধুমাত্র কলকাতা শহরে ১৮১৫ থেকে ১৮১৭ এই তিনবছরে সরকারি হিসেবে মোট ১,৫২৮১১ গুলি সতীদাহ হয়েছিল। অন্যদিকে বেগম রোকেয়া তাঁর অবরোধবাসিনী গ্রন্থে এক মর্মান্তিক ঘটনার কথা লিখেছেন, আমার দূর-সম্পর্কীয়া এক মামী-শ্বাশুড়ী ভাগলপুর হইতে পাটনা যাইতেছিলেন, সঙ্গে মাত্র একজন পরিচারিকা ছিল। কিউল ষ্টেশনে ট্রেন বদল করিতে হয়। মামানী সাহেবা অপর ট্রেনে উঠিবার সময় তাঁহার প্রকাণ্ড বোরকায় জড়াইয়া ট্রেন ও প্লাটফরমের মাঝখানে পড়িয়া গেলেন। ষ্টেশনে সে সময় মামানীর চাকরাণী ছাড়া অপর কোন স্ত্রীলোক ছিল না। কুলিরা তাড়াতাড়ি তাঁহাকে ধরিয়া তুলিতে অগ্রসর হওয়ায় চাকরাণী দোহাই দিয়ে নিষেধ করিল খবরদার! কেহ বিবি সাহেবার গায়ে হাত দিও না। সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাঁকে তুলিতে পারিল না। প্রায় আধ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পর ট্রেন ছাড়িয়া দিল।
ট্রেনের সংঘর্ষে মামানী সাহেবা পিষিয়া ছিন্নভিন্ন হইয়া গেলেন, তখন কোথায় তাঁহার বোরকা-আর কোথায় তিনি! স্টেশন ভরা লোক সবিস্ময়ে দাঁড়াইয়া এই লোমহর্ষণ ব্যাপার দেখিল, - কেহ তাঁহার সাহায্য করিতে অনুমতি পাইল না। পরে তাঁহার চূর্ণপ্রায় দেহ একটা গুদামে রাখা হইল; তাঁহার চাকরাণী প্রাণপনে বিনাইয়া কাঁদিল আর তাঁহাকে বাতাস করিতে থাকিল। এই অবস্থায় এগার ঘন্টা অতিবাহিত হইবার পর তিনি দেহত্যাগ করিলেন। কী ভীষণ মৃত্যু!

এরপরেও রামমোহনেরা আন্দোলন করেন, কলম ধরেন রোকেয়া। সতীদাহ আইনত বন্ধ হয়। শিক্ষার প্রসারে কিছুটা বদলিয়েছে মুসলিম সমাজও।

তবে আজও কন্যা, স্ত্রী, নারী হত্যা হয়, ভিন্ন নামে, ধর্মের ভিন্ন ব্যাখ্যায়।

আজও মরে প্রতিবাদী মানুষ, যেভাবে মরেছিলেন চৈতন্য।

শেষপর্যন্ত তবু প্রতিবাদেরা চিরকাল দীর্ঘজীবীই হয়।


কন্ঠস্বর?

কাঙাল হরিনাথের কথা আগেও পড়েছি। কিন্তু সাংবাদিকতার জগতে তাঁর এই লড়াইয়ের ইতিহাস আমার সেভাবে জানা ছিল না। পড়তে পড়তে মনে হয়েছে এখনও আঞ্চলিক নানা পত্রিকা বেরোয়। কিন্তু সেইসব পত্রিকায় সাহিত্যের নানা দিক যেভাবে ধরা পড়ে সেভাবে পড়ে না সমাজের অন্ধকার দিকগুলো। কিছু কিছু কাগজ বা পত্রিকা হয়ত তাদের সামান্য উদ্যোগে কিছুদিন কাজ করে, তারপরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণ আর্থিক না রাজনৈতিক আমার জানা নেই। আসলে এখন হরিনাথ জন্মালে কবেই তাঁর লাশশুদ্ধু গুম হয়ে যেত। কিন্তু সত্যিই কি হরিনাথরা মরে, মরে যায়? তাহলে কেন একের পর এক নিষ্পাপ মানুষ হত হচ্ছেন ধর্মান্ধদের হাতে। তাতেও কি বন্ধ করা যাচ্ছে প্রতিবাদের কন্ঠস্বর? হরিনাথেরা আসলে বারবার জন্মান। বারবার নিহত হন। মানুষের জন্যই জন্ম নেন আর মানুষই তাকে হত্যা করে। কী আশ্চর্য!

গ্রাম এবং মফঃস্বলের চেহারা কিন্তু এত বছরেও কিচ্ছু বদলায়নি। হ্যাঁ, প্রোমোটারের হাতে পরে বিস্তর ফ্ল্যাট গজিয়েছে। গজায়নি হাসপাতাল বা স্কুল। এই তো এতবছর পর রূপনারায়ণপুর গেলাম। দেখলাম অর্ধেকটা পরিত্যক্ত অঞ্চলের মতো আর বাকি অর্ধেকটায় উন্নয়নের ফ্ল্যাটবাড়ি। অথচ সেই ফ্ল্যাটেরই গায়ে আজও লেগে আছে বাউড়ি পাড়া। তাদের উন্নয়নের ছোঁয়া লেগেছে শুধু পোশাকেই। এক বৌদি বললেন, দেখ না, একটা অসুখবিসুখ হলে হয় আসানসোল ছুটতে হবে নয় দুর্গাপুর। আমি তো ছেলেকে বলেছি, কোথথাও নিয়ে যাবিনা, শেষে রাস্তায় মরি আর কী। বাড়িতেই ওই মুখে চাট্টি গঙ্গাজল দিয়ে দিবি ব্যস। এক দাদা বললেন, কেবলস স্কুলের তো টিমটিমে দশা, মাইনে পাই না মাসের পর মাস। যে সব বাইরের ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয় তাদের কাছ থেকে টাকা নিয়ে চলছে কেবলস। কিন্তু আমাদের ভাগ্যে মা ভবাণী। ওই তো একটামাত্র ইংলিশ মিডিয়াম স্কুল।

সর্বত্র এটাই সত্য। এরমধ্যে বেড়েছে নারী নির্যাতনের মতো ঘটনা। কয়েকদিন আগে রূপনারায়ণপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে শুনে কী বিষম আশ্চর্য হয়েছি। আমি রাত নটা, সাড়ে নটার সময় লোয়ার কেশিয়া থেকে একা সাইকেল চালিয়ে রূপনারায়ণপুর বাজারের কাছে বাড়িতে ফিরতাম। দুবছরে একবার মাত্র একটা স্কুটার যেতে যেতে বোধহয় গান গেয়েছিল। ওটা সাইকেলে কেউ হলেই নির্ঘাত আমার হাতে মার খেত। স্কুটার তো হুস করে পালিয়ে গেল। কতদিন একা একা ধানক্ষেতে ঘুরে সূর্যাস্ত দেখেছি। কখনও সঙ্গে দেবী বা লুসি থাকত। কখনও বিপদের কথা মনেই আসেনি। একদিন এক চাষা শ্রেণীর লোক আমাকে সাবধান করেছিলেন, তো তাঁর ওপরেই রেগে উঠেছিলাম। আজ কেউ ওভাবে ঘুরতে সাহসই পাবে না। সম্ভবও নয় আজকের পরিস্থিতিতে। তখনও ওই অঞ্চলে কয়লা মাফিয়া বা ওই শ্রেণীর লোকজন ছিল। কিন্তু এরকম ঘটনা সেভাবে শুনিনি।

রূপনারায়ণপুরে গিয়েই আরও মনে হচ্ছিল গ্রাম বা মফঃস্বলের অবস্থা খুব খারাপ হয়েছে। কিন্তু কোনও কন্ঠস্বর উঠছে না। কেন?


মানুষের কলম এবং সাহসই কিন্তু শেষপর্যন্ত কিছু পরিবর্তন আনতে পারে, সে যত ক্ষুদ্রই হোক না কেন। আমার সে বিশ্বাস এখনও আছে।

Friday, April 8, 2016

কাঙাল হরিনাথ ও তাঁর গ্রামবার্ত্তা প্রকাশিকা –এই রূপকথা আজ কেন আর সত্যি হয় না?

পুরোনো পত্রপত্রিকা এবং সেইসংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করাটা আমার একটা স্বভাবে দাঁড়িয়েছে। গতকাল সারাদিন ধরে যে দুটো বই পড়লাম তার মধ্যে মুনতাসির মামুদ সম্পাদিত দুই শতকের বাংলা সংবাদ-সাময়িকপত্র-এর লেখাগুলি ভারী চমৎকার লাগল। এই বইয়ে আবুল আহসান চৌধুরী লিখিত উনিশ শতকের গ্রাম নির্ভর সংবাদ-সাময়িকপত্র লেখাটিতে কাঙাল হরিনাথ সম্পাদিত গ্রামবার্ত্তা প্রকাশিকা-র কথা পড়তে গিয়ে মনে হল আজকের দিনেও এমন পত্রিকা এবং তার এমন সম্পাদক বিরল। ক্ষমতার আসনের নামগুলো শুধু বদলে গেছে। বদলায়নি মফঃস্বল আর গ্রাম-বাংলার এই চিত্র। আজকের দিনেও এমন একজন হরিনাথ মজুমদারের এই মুহূর্তে বড় প্রয়োজন। আর তাই আমার পড়ার মুগ্ধতাটুকু ভাগ করে নিতে ইচ্ছে হল। তথ্যের পুরোটাই ওই লেখাটি থেকে নেওয়া। কিছু বাক্যের অদলবদল বা যোগবিয়োগ করেছি মাত্র।

ঊনবিংশ শতকে তুলনায় বড় এবং জনপ্রিয় অনেক পত্রপত্রিকাই যেখানে ইংরেজ সরকারের প্রশংসায় পঞ্চমুখ, সেখানে বাংলাদেশের এক অখ্যাত গ্রামে বসে জনৈক হরিনাথ মজুমদার তাঁর প্রতিষ্ঠিত এবং সম্পাদিত গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকায় জমিদার এবং ইংরেজ সরকারের শোষনকারী এবং অত্যাচারী প্রকৃত চেহারাটা তুলে ধরতেন তাঁর স্বল্প আর্থ-সামাজিক ক্ষমতার মধ্যেই। এই পত্রিকাটি ১৮৬৩ সালের এপ্রিল মাসে কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হয়। হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথের সাহিত্য এবং সমাজসেবীর বিস্তৃত পরিচয় ছাপিয়ে ওঠে তাঁর এই সাময়িকপত্র সম্পাদনার লড়াই। প্রাথমিকভাবে তিনি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর-এর সংবাদদাতা হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। গ্রামবার্ত্তা প্রকাশের প্রেক্ষাপট সম্পর্কে হরিনাথ তাঁর দিনলিপিতে লিখছেন,আমি ইতিপূর্বে নীলকুঠিতে ও মহাজনদিগের গদিতে ছিলাম, জমিদারের সেরেস্তা দেখিয়াছিলাম এবং দেশের অন্যান্য বিষয় অনুসন্ধান করিয়া অবগত হইয়াছিলাম; সেখানে যত প্রকার অত্যাচার হয়, তাহা আমার হৃদয়ে গাঁথা ছিল। দেশীয় সংবাদপত্রের অনুবাদক রবিন্সন সাহেব যখন অনুবাদ-কার্য্যালয় খুলিলেন, আমিও সেই সময় গ্রামবার্ত্তা প্রকাশ করিলাম। তিনি আরও লিখেছেন, গ্রামবার্ত্তা প্রকাশিকা সংবাদপত্রিকার দ্বারা গ্রামের অত্যাচার নিবারিত ও নানা প্রকারে গ্রামবাসীদের উপকার সাধিত হইবে...

পত্রিকাটি প্রকাশের পর উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সম্পাদক লিখছেন, এ পর্য্যন্ত বাঙ্গলা সংবাদপত্রিকা যতই প্রচারিত হইতেছে তাহা কেবল প্রধান প্রধান নগর ও বিদেশীয় সম্বাদাদিতেই পরিপূর্ণ। গ্রামীয় অর্থাৎ মফঃস্বলের অবস্থাদি কিছুই প্রকাশিত হয় না। তজ্জন্য গ্রামবাসীদিগের কোন প্রকার উপকার দর্শিতেছে না। যেমন চিকিৎসক রোগীর অবস্থা সুবিদিত না হইলে তাহার প্রতিকারে সমর্থ হন না, তদ্রূপ দেশহিতৈষী মহোদয়গণ গ্রামের অবস্থা, ব্যবসায় রীতি, নীতি, সভ্যতা, গ্রামীয় ইতিহাস, মফঃস্বল-রাজকর্ম্মচারীগণের বিচার, এবং আশ্চর্য্য ঘটনাদি প্রকাশিত হয় তাহাই এই পত্রিকারপ্রধানোদ্দেশ্য”। নানা প্রতিকূলতার মধ্যে এই পত্রিকা মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক হিসেবে কয়েক পর্যায়ে মোট বাইশ বছর চলেছিল।

কৃষক-তাঁতি, রায়ত-প্রজাসহ শ্রমজীবী মানুষের সমস্যা ও অধিকার সম্পর্কে গ্রামবার্ত্তা সচেতন ও সক্রিয় ছিল। এদের দুঃখ-দুর্দশার কথা বলতে কোনও দ্বিধা বা শঙ্কাবোধ করত না। এসব বর্ণনায় রায়ত-প্রাজাদের প্রতি সহানুভূতি, জমিদারের শোষণ-নিগ্রহের স্বরূপ উন্মোচন এবং সরকারি ভূমিকার সমালোচনারও ঈঙ্গিত থাকত। অনেকক্ষেত্রেই সরকারের দায়িত্ববোধের ঔদাসীন্য সম্পর্কে বেদনা এবং অভিযোগ জানিয়ে কর্তব্যবোধ জাগানোর চেষ্টা করা হয়েছে। দেশীয় শোষক-জমিদার বা বাক্‌-সর্বস্ব তথাকথিত দেশদরদির সমালোচনা বা নিন্দাও করা হয়েছে প্রকাশ্যে।

দেশ নষ্ট কপটে, প্রজা মরে চপটে, কি করবে রিপোর্টে শীর্ষক এক প্রতিবেদনে নিরুপায় কৃষক-প্রজার দুঃখ-দুরবস্থার প্রধান কারণ হিসেবে পুলিশ, গো-খোঁয়াড়, আদালত, জমিদার ও মহাজনের কথা উল্লেখ করা হয়েছে, - সর্বক্ষণই যাদের ...প্রজার শোণিত পান করিতে...লালা ক্ষরিতেছে। পুলিশ সম্পর্কে পত্রিকার মন্তব্য, বিকারগ্রস্ত রোগীর হিক্কা উপসর্গের ন্যায়, পুলিশ প্রজার উপসর্গ হইয়াছে। আদালতের আমলাদিগের হাত পাতা রোগ এর কারণে মূলত দরিদ্র প্রজারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপর আছে জমিদারের শোষণ-কৌশল-অবাধ প্রজাপীড়নের প্রয়োজনে রাজকর্মচারি, পুলিশ ও আদালতকে উৎকোচ দিয়ে বশে রাখা। সরকার-প্রণীত বিধি-আইনও প্রজার রক্ষাকবচ না হয়ে বরং তার অস্তিত্ব সংকটের সহায়ক হয়েছে। এইসব বিষয়ে আলোচনা করে গ্রামবার্ত্তা পরামর্শ দিয়েছে,...যদি প্রজা রক্ষা ও প্রজার প্রতি অত্যাচার নিবারণ করিতে গবর্মেন্ট আন্তরিক সংকল্প করিয়া থাকেন, তবে প্রজাগণ কি কারণে অত্যাচারিত হইতেছে অগ্রে তাহার গোপনানুসন্ধান করুন, পরে যে নিয়ম করিবেন তাহাতেই কার্য্য হইবে। অন্যথায় কেবল আড়ম্বর।

দেশীয় শিল্পের উন্নতি ও বিকাশে সবসময়েই কামনা করেছে গ্রামবার্ত্তা। পাবনার প্রজা বিদ্রোহেও গ্রামবার্ত্তার সমর্থন প্রজাদের দিকেই ছিল। রায়ত-প্রজাদের ওপর জমিদারের অন্যায় অত্যাচারই এর কারণ বলে তিনি এর ব্যাখ্যা করেছিলেন। বাংলাদেশের জমিদার-সম্প্রদায়ের প্রজাহিতকর কর্মোদ্যোগের অন্তরালে ছিল তাঁদের শোষণ সম্পর্কে অন্যের দৃষ্টি-বিভ্রান্তির চেষ্টা এবং রাজ-সম্মানলাভের আকাঙ্খা। জমিদারের স্বরূপ উন্মোচনে গ্রামবার্তা জানিয়েছে, জমিদারদিগের দ্বারা যত বিদ্যালয় স্থাপিত হইয়াছে, রাজদ্বারে সম্মান লাভেচ্ছাই তাহার অধিকাংশের কারণ।...মফস্বলের এক একজন জমিদার দাতব্য ডিস্‌পেনসারি ও বিদ্যালয়াবরণ দিয়া, আমেরিকা দেশের ভাম্পাইয়ার বাদুড়ের ন্যায় প্রজার রক্তপান করেন। হাকিমেরা মফস্বলে আসিয়া স্কুল ও ডিস্‌পেনসারি দেখিয়া ভুলিয়া যান, প্রজার ক্রন্দন কিছুই শুনেন না।...যোড়াসাঁকোনিবাসী শ্রদ্ধাস্পদ জমিদার শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর এদেশের অদ্বিতীয় ধার্ম্মিক।...সম্প্রতি একটা কথা শুনিয়া দুঃখিত ও বিস্মিত হইয়াছি। তিনি শিলাইদহের স্কুল হইতে ইংরেজী শিক্ষা উঠাইয়া দিয়াছেন।কৃষক-প্রজার সন্তান ইংরেজি শিক্ষা লাভ করে যাতে অধিকার-সচেতন হয়ে উঠতে না পারে ও অন্যায়-অত্যাচারের প্রতিকারের সাহস ও সুযোগ না পায়, সে-জন্যই জমিদার তাঁর স্বার্থবুদ্ধির কারণেই যে জনকল্যাণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেন এই ইঙ্গিত এখানে অস্পষ্ট নয়।

হরিনাথের গ্রামবার্ত্তা রাজশক্তিরও দ্বিধাহীন সমালোচনা করত। পল্লীবাসীর নিদারুণ জলকষ্টে সরকারের উদ্যোগহীনতাকে তীব্র ভর্ৎসনা করে লেখে, এতৎ প্রবন্ধে কর্ত্তৃপক্ষ-সমীপে এই মাত্র বক্তব্য, গবর্ণর জেনারেল প্রভৃতির সিমলার বিহারের নিমিত্ত প্রতি বর্ষে রাজকোষ হইতে সাড়ে চারি লক্ষ টাকা ব্যয় হয়, গ্রাম ও পল্লীবাসীর দরিদ্র প্রজাদিগের নিমিত্ত কিঞ্চিৎ ব্যয় কি রাজধর্ম বিরুদ্ধ! প্রশাসন-যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের ত্রুটি-বিচ্যুতি-স্খলনকেও গ্রামবার্ত্তা রেহাই দেয়নি। পাবনার ইংরেজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একবার এক দরিদ্র বিধবার একটি দু্গ্ধবতী গাভী জবরদস্তি করে কেড়ে নিলে, হরিনাথ তার পত্রিকায় গরুচোর ম্যাজিস্ট্রেট নামে সংবাদ প্রকাশ করেন। প্রকৃতপক্ষে রাজকর্ম্মচারীদের অসচ্চরিত্রতাই প্রজাদের মনোভঙ্গের কারণ বলে গ্রামবার্ত্তা মনে করেছে।

জীবনের ঝুঁকি নিয়েও হরিনাথ নির্ভীক ও সৎ সাংবাদিকতার একটি আদর্শ স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। শাসক-সরকার, আমলা, পুলিশ-গোরাপল্টন, নীলকর, জমিদার মহাজন প্রমুখ কায়েমি স্বার্থের বিরুদ্ধে লেখনী ধারণ করার জন্য তাঁকে যথেষ্ট ক্ষতি স্বীকার করতে হয়েছে। শুধুমাত্র পীড়িত-অপদস্থ-বিপন্নই নয়, কোনও কোনও সময়ে তাঁর জীবন-সংশয়ও দেখা দিয়েছে। নির্ভীক ভূমিকার জন্যে তাঁকে জেলার ম্যাজিস্ট্রেট এবং পরগণার জমিদার উভয়েরই বিরাগভাজন হতে হয়। কিন্তু সাহস ও সহিষ্ণুতার সঙ্গে এইসব প্রতিকূলতার মোকাবিলা করেছেন, কিন্তু কর্তব্যকর্ম থেকে কখনও বিচ্যুত হননি। তাঁর নিজের কথায়, আমরা এতদিন সহ্য করিয়াছি, আর করিতে পারি না। সকল কথা প্রকাশ করিয়া কর্ত্তব্য সম্পাদন করিতে ত্রুটি করিব না। ইহাতে মারিতে হয় মার কাটিতে হয় কাট, যাহা করিতে হয় কর, প্রস্তুত আছি।

জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জমিদারি ছিল কুষ্টিয়ার নিকটবর্তী বিরাহিমপুর পরগণায়। শিলাইদহে ছিল তার সদর দফতর। ঠাকুর-জমিদার এলাকায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমল থেকেই প্রজা-পীড়নের অভিযোগ ছিল। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সময় এই পীড়ন মাত্রা ছাড়িয়ে যায়। খাজনা বৃদ্ধি, নানারকম কর আরোপ, জুলুম করে প্রজার ভিটেমাটি উচ্ছেদ, অনাবৃষ্টি-অতিবৃষ্টিতে বিপন্ন রায়ত-প্রজার থেকে বলপূর্বক খাজনা আদায় ইত্যাদি ঘটনার কথা হরিনাথ নির্ভীকভাবে গ্রামবার্ত্তায় প্রকাশ করতেন। এর পাশাপাশি জমিদারের অনীহা এবং ঔদাসীন্যের সংবাদও প্রকাশিত হত। গ্রামবার্ত্তার এই জমিদার-স্বার্থবিরোধী ও তাঁদের চরিত্রের স্বরূপ উন্মোচনকারী ভূমিকা অনুমোদন করা ঠাকুর-জমিদারের পক্ষে সংগত কারণেই সম্ভব হয়নি। ঠাকুর-জমিদারের পক্ষ থেকে প্রথম পর্যায়ে অর্থের প্রলোভন দেখিয়ে হরিনাথকে বশ করার চেষ্টা করা হয়। এই চেষ্টা ব্যর্থ হলে লাঠিয়াল লাগিয়ে খুন করার চেষ্টা হয়। জমিদারের লাঠিয়াল বাহিনীর হাত থেকে বিপন্ন বন্ধুকে রক্ষার জন্যে তাঁর দলবল নিয়ে এগিয়ে আসেন বাউল সাধক লালন ফকির।

হরিনাথের সাহিত্য-শিষ্য অক্ষয়কুমার মৈত্রেয়কে লেখা একটি চিঠিতে হরিনাথ লিখেছিলেন, জমিদারেরা প্রজা পরিত্যাগ করিয়া আমার প্রতি যতদূর সাধ্য অত্যাচার করেন। কিন্তু উপকৃত পল্লীবাসী হরিনাথের বিপদ ও সংকটে নিস্পৃহ ও উদাসীন থাকায় মর্মাহত হরিনাথ ওই পত্রেই আক্ষেপ করে লিখেছিলেন,জমিদারেরা যখন আমার প্রতি অত্যাচার করে, এবং আমার নামে মিথ্যা মোকদ্দমা উপস্থিত করিতে যত্ন করে, আমি তখন গ্রামবাসী সকলকে ডাকিয়া আনি এবং আত্মাবস্থা জানাই। গ্রামের একটি কুকুর কোন প্রকারে অত্যাচারিত হইলেও গ্রামের লোকে তাহার জন্য কিছু করে, কিন্তু দুঃখের বিষয় এই যে, ও আমার এতদূরই দুর্ভাগ্য যে, আমার জন্য কেহ কিছু করিবেন, এরূপ একটি কথাও বলিলেন না। যাঁহাদের নিমিত্ত কাঁদিলাম, বিষাদ মাথায় করিয়া বহন করিলাম, তাঁহাদিগের এই ব্যবহার!

সমাজে যে এই পত্রিকার একটা ইতিবাচক প্রভাব পড়েছিল তা সম্পাদকের নিজের বক্তব্যেই আমরা জানতে পারি, ...পূর্ব্বের অনেক ধনবানাদি সবল লোকেরা দূর্ব্বলের প্রতি প্রকাশ্যরূপে সহসা যে প্রকার অত্যাচার করিতেন, এক্ষণে যে তদ্রূপ করিতে সাহসী হইতেছেন না...গ্রামবার্ত্তা প্রকাশিকাই তাহার কারণ। জলধর সেন এই পত্রিকাটি সম্বন্ধে লিখেছেন, নদীখাল প্রভৃতি পয়ঃপ্রণালী সংস্কারপূর্ব্বক জলকষ্ট নিবারণ, পুলিশ-বিভাগের সংস্কার, গো-ধন রক্ষা, রেলপথ দ্বারা জল নিঃসরণের পথ বন্ধ হওয়ায় এদেশ যে অস্বাস্থ্যকর ও ম্যালেরিয়ার আকরভূমি হইতেছে, পোষ্টাফিসের মনিওর্ডার প্রথা প্রচলন প্রভৃতি অনেক প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে হরিনাথ লেখনী পরিচালনা করিয়া রাজা ও প্রজা উভয়েরই হিতাকাঙ্খী বলিয়া পরিচিত হইয়াছিলেন। জলধর সেনের এই মন্তব্যটিও যেন টেকনিকালি কারেক্ট বা নিজের গা বাঁচিয়ে লেখা। সেইসময়ের শিক্ষিত বাঙালির একটা বড় অংশই তা করতেন। গ্রামবার্ত্তা থেকে ইংরেজিতে খবরগুলির অনুবাদ করে ইংরেজ সরকারের গোচরে আনতেন বাংলা গবর্ণমেন্টের বাংলা সংবাদপত্রের অনুবাদক মিঃ রবিন্সন।

যাইহোক চোখ থাকতে চোখের মর্যাদা যেমন মানুষ বোঝে না, ঠিক তেমনি পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর হাহাকার পড়েছিল সেই গ্রামবাসীদের মধ্যেই, যাঁরা হরিনাথ বা তাঁর পত্রিকা কারোরই পাশে দাঁড়াননি। বোধহয় নিশ্বাস ছেড়ে বেঁচেছিলেন ইংরেজ সরকার বাহাদুর আর ঠাকুর-জমিদারের মতো মানুষেরা। মীর মশাররফ হোসেন-এর হিতকরী পত্রিকায় পল্লীবাসী প্রজার পরিচয়ে প্রকাশিত একটি চিঠিই বরং হরিনাথের গ্রামবার্ত্তার প্রকৃত রূপটিকে আরও স্পষ্ট করেছে।

আজ কয়েক বৎসর হইল গ্রামবার্ত্তার কন্ঠ নীরব হইয়াছে। গ্রামবার্ত্তার সতেজ লেখনি প্রভাবে এ অঞ্চলের পুলিশ, বিচারক, হাকিম, মিউনিসিপ্যাল কমিশনার, জমিদার প্রভৃতির অত্যাচার শান্তভাব ধারণ করিয়াছিল। গ্রামবার্ত্তার জীবন এই সমস্ত অত্যাচার কাহিনী প্রকাশ করিয়া অনেক সময় নানা বিপদে পড়িতে হইয়াছিল যে তাহার আর উল্লেখের প্রয়োজন নাই; এ প্রদেশের সকলেরই অন্তরে তাহা জাগরিত রহিয়াছে। ...তাই আমাদের নিবেদন গ্রামবার্ত্তার কন্ঠ নীরবের পর যখন হিতকরীর অভ্যুদয় হইয়াছে, তখন আমরা পল্লীবাসী আমাদের দুঃখের কথা গ্রামবার্ত্তায় যেমন তীব্রভাবে আলোচিত হইয়া রাজার গোচর করিত, সেইরূপ আলোচিত হইয়া আমাদের দুঃখ  দূর করিতে চেষ্টা করুন। ...পূর্ব্বে যখনই দুঃখ পাইতাম তখনই গরীবের দুঃখের দুঃখী, কান্নাই সমভাগী গ্রামবার্ত্তার দ্বারে গিয়া কতবার কাঁদিতাম। সকরুণ স্বরে আমাদের জন্যে কত কান্নাই সম্পাদক রাজার নিকট, জমিদারের নিকট না কাঁদিয়াছেন; কিন্তু এখন কাহার কাছে যাইব?


নাহ্‌, গ্রামবার্ত্তার অভাব সেকালে কেন, আজও আর কেউ পূরণ করতে পারেনি। অথচ কত সমসাময়িক রয়ে গেছে গ্রাম বাংলা আর মফঃস্বলের সব সমস্যাই।

অধিকন্তু

ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে বাঙালি মেয়েদের মধ্যে শিক্ষার হার যখন বাড়তে শুরু করল এবং তাঁরা ক্রমশ নিজেদের জন্য নিজেরাও কলম ধরলেন তখন অন্যান্য নানা বিষয়ের মতোই একটা বিষয় নিয়ে তাঁদের দীর্ঘ লড়াই করতে হয়েছিল, তা ছিল নামের সঙ্গে পদবী যোগ করা। কারণ পদবী তখন পর্যন্ত একমাত্র পুরুষেরাই ব্যবহার করতে পারতেন। মেয়ে সন্তানই যেখানে কাম্য ছিল না, সেখানে খেঁদি বা আন্নাকালীদের নামটুকু পাওয়াই অনেক ছিল। স্বর্ণকুমারী কী গিরীন্দ্রমোহিনী এত সব নামের বাহার একটু শিক্ষিত উচ্চবিত্ত পরিবার না হলে জুটত না। লেখার ক্ষেত্রেও অনেকদিনই মেয়েদের নাম হয় একেবারেই লেখা হত না, নাহলে জনৈক বঙ্গমহিলা কী আমাদিগের এক ভগিনী কী বড়জোর সূচিপত্রে কোনওভাবে আলাদা করে চিহ্নিত করা থাকত মেয়েদের লেখা বলে। সেদিক থেকে বামাগণের রচনা বিভাগ খুলে এবং তাঁদের নামসহ লেখা প্রকাশ করে বেশ উল্লেখযোগ্য কাজ করেছিল বামাবোধিনী পত্রিকা। আবার অনেক পুরুষ লেখকও বোধহয় চট করে পাঠকের চোখে পড়বার আশায় নারীর ছদ্মনামে লিখতেন।

পদবী ব্যবহার নিয়ে যে দ্বিধা বা নিষেধ ছিল তা পত্রিকাগুলিতে লেখিকাদের নাম দেখলেই বোঝা যায়। উচ্চবিত্ত ঘরের মেয়েরা সাধারণত নামের শেষে দেবী, এবং তুলনায় নিম্নবিত্ত ঘরের মেয়েরা নামের শেষে দাসী ব্যবহার করতেন।এখানে নিম্নবিত্ত মানে শিক্ষা এবং আর্থিক ক্ষেত্রে নয়, সামাজিক অবস্থানে।শিক্ষিত পরিবার না হলে মেয়েদের মধ্যে লেখালেখির চলও তেমন থাকত না। বামাবোধিনী পত্রিকায় জনৈক লক্ষ্মীমণিকে তাঁর লেখা কবিতা বা প্রবন্ধের তলায় লক্ষ্মীমণি বর্ধমান, শ্রী লক্ষ্মীমণি, লক্ষ্মীমণি দেবী, লক্ষ্মীমণি বসু প্রভৃতি একাধিক নামে উল্লেখ করা হয়েছে। এরকম অন্যান্য লেখিকাদের ক্ষেত্রেও ঘটেছে।

অর্থাৎ মোদ্দা কথা হল এই যে নামের শেষে পদবীটা পুরুষতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে খেটেখুটে লড়াই করে আদায় করা।

কিন্তু এখন আবার অনেক মহিলাই নামের শেষে পদবীটা পুরুষতান্ত্রিকতা বলে রাখতে চাননা। আবার কেউ কেউ স্বচ্ছন্দ বোধ করেন বলে ছোটবেলা থেকে যে পদবীটা ব্যবহার করে এসেছেন, সেইটাই রাখেন। কেউ বা বিয়ের পর স্বামীর পদবী ব্যবহার করেন। কেউবা দুটো পদবীই ব্যবহার করে নামকে অযথা ভারাক্রান্ত করে ফেলেন সময়ে সময়ে।

অর্থাৎ পদবী নিয়ে বাঙালি মেয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এবং পদবী থাকাটা পুরুষতান্ত্রিক বা না থাকাটা সেটাও নিয়েও নয়।

আমার মনে হয় এত না ভেবে, নিজের কানে যেটা ভালোলাগছে সেটাই নিজের নাম ও পরিচ্ছদ হওয়া উচিত। হ্যাঁ, পদবী খানিক নামের পরিচ্ছদই বটে।

বাঙালির পদবীর ইতিহাস ঘেঁটে কোনওদিনই আমাদের লাভ নেই। কারণ ঊনবিংশ শতকের আগে সে ইতিহাসে আমরা কোথাও ছিলাম না। আর তাই এখনও মাথা না ঘামানোই ভালো। অন্ততঃ এই নিয়ে মেয়েদের লড়াইয়ের ইতিহাসটা জানার পর একথাই আমার মনে হয়েছে। পুরুষতান্ত্রিক মনে করলে বাবা ও স্বামী উভয়ের পদবীই তাই, আবার না মনে করলে কোনটাই কিছু না। আর দীর্ঘদিনধরে মেয়েরা সবরকমের পদবীই ব্যবহার করে আসছেন, তাই সবেতেই আমাদের একটা অধিকার তো বর্তায়।


পূর্বসূরীদের অধিকার আদায়ের উত্তরাধিকার তো বটেই।