Sunday, September 6, 2015

আগামী

সমুদ্রের বালিতে মুখ গুঁজে
যে শিশুর দেহটি পড়ে থাকে
তার পা ধুয়ে দেয় সাগরের জল
আর মাথার কাছে সূর্য নাম লিখে দিয়ে যায় - 'ভবিষ্যত'

যে আগামী ছিল সে অতীত হয়ে গেছে,
যা ভবিষ্যত ছিল, পুরাতনের গর্ভে মৃত্যু হয়েছে তার।

বর্তমানেরা যুদ্ধ করে যাচ্ছে।
বর্তমানেরা খুঁজে যাচ্ছে গৃহ, দেশ, ভালোবাসা, বিশ্বাস।

সমুদ্র শুধু বালিতে রক্ত আর আশার দাগ ধুয়ে দিয়ে যায়।
আর সূর্য অস্ত যায় পশ্চিমাকাশে।

আমি ভালোবাসি

অনেক যুদ্ধক্লান্ত মানুষের দেশ নেই, ঘর নেই, পরিচয় একটাই - 'শরণার্থী'। অনুভূতি একটাই প্রতিমুহূর্তে বেঁচে থাকার বিপন্নতা।

এই যুদ্ধ অন্য কারা করেছে তারা নয়। কাদের কাছে শরণ নেবে তারা? কোথাও তো কোনো ভালোবাসার ঘর নেই, ভালোবাসার দেশ নেই। সবাই এবার হিসেব করতে বসবে কার দেশে কত শরণার্থী গেল, আরও কত লোকের দায় বাড়ল। সে দেশের লোকেরা ভাববে, শঙ্করার খাবার জোটাবে কে? আমাদের ভাগে কম পরবে তো।

কোন পূর্বকাল থেকে মানুষ হেঁটে আসছে - একা। জোট বাঁধলো, পরস্পরের বিরুদ্ধে ধর্ম, অর্থ, দল এমন নানা অস্ত্র ধরল, যুদ্ধ করল। তারপর আবার হাঁটছে - একা। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে আর একা একা হেঁটে যাচ্ছে।


হাত ধরতে পারল না আজও। বলতে পারল না - 'আমি ভালোবাসি'

আমার কিছু কথা ছিল

যাকে নিতান্ত অপ্রয়োজনীয় কথা ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায় অথবা লিখে যাওয়া যায় তার নাম 'বন্ধু'। এইরকম বন্ধু সাধারণত হয় না। অল্পবয়সে আমার এরকম দু'জন ছিল অসাধারণত। তাদের একজন কয়েকবছর হল কথা বা লেখার সীমানার বাইরে চলে গেছে। আর আরেকজন হারিয়ে গেছে জীবনের বাঁকে।

মাঝে মাঝে খুব অপ্রয়োজনীয় কথা বলতে ইচ্ছে করে, আবোল তাবোল। রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা কাগজ-কলম নিয়ে বসে।
ভাবি কথারা যদি সত্যিই নদী হত, তাহলে নৌকো ভাসাতাম যার নাম 'চিঠি'। ঠিক পৌঁছে যেত 'বন্ধু'র কাছে। এখন কথাগুলো মুহূর্তে সাগর পেরোয়, কিন্তু কোথ্থাও পৌঁছায় না। তাই ভেবে ভেবে লিখতে হয়, লিখতে লিখতে ক্লান্ত হই। তবু দিনের শেষে মনে হয় বলা হলনা কিছুই।

আসলে কথারা কোথাও পৌঁছায় না। যেতে যেতে তার মানে বদলে যায়, রঙ-রূপ সব বদলে যায়।
কথারা আর খামের আদরে আসে না, কথারা আর পথে পথে ভাসে না। কথারা কেবল টুকরো টুকরো শব্দ হতে হতে ভাঙতে থাকে। আর সবাই খুঁজতে থাকে কথার মানে, কথার লাভ আর কথার ক্ষতি।

মাঝে মাঝে খুব অপ্রয়োজনীয় কথা বলতে ইচ্ছে করে আজও।

অথবা নদীতে কাগজের নৌকো ভাসাতে।

অথবা বন্ধু বলে কাউকে খুব ভালোবাসতে।

Saturday, September 5, 2015

বেঁচে থাকার মুহূর্ত কুড়োনো

বছরে একবার করে আমাকে ফিজিওথেরাপি করাতেই হয় নিজেকে সচল রাখতে। কখনো পুরোনো মুখেদের সঙ্গে দেখা হয়, কখনোবা নতুনদের সঙ্গে ভাব জমে ওঠে। আজ পিয়ালির সঙ্গে কথা হচ্ছিল। কোথায় যেন থাকে ভুলে গেলাম, রোজ ট্রেনে করে উল্টোডাঙায় এসে সেখান থেকে লেকটাউন। আমায় জিজ্ঞাসা করছিল, বাড়িতে জন্মাষ্টমী আছে কীনা। বললাম, জন্মাষ্টমী কেন, কোনো ঠাকুরই নেই আমাদের বাড়িতে। জিজ্ঞাসা করল, সত্যি? বললাম, একদম সত্যি। কোনো ঠাকুরে আমি বিশ্বাস করিনা গো, মানুষকে ভালোবাসাই ঈশ্বর সাধনা। সারাজীবন ধরে সেইটাই চেষ্টা করে যাচ্ছি। কতটা পেরেছি বা পারছি জানিনা। ও বলল, জানো, আমি যখন কোনো মন্দিরে যাই, তখন ঠাকুরের কাছে যা দিই, তার থেকে বেশি দিই বাইরে যারা ভিক্ষা চায় তাদের। 

তারপর আমায় একটা ঘটনা বলল -
'রোজ বিধাননগর স্টেশন দিয়ে আসি তো, দেখি একটা খুব ছোট্ট বাচ্চাকে বসিয়ে রেখেছে সামনে একটা বাটি দিয়ে। বাচ্চাটার এখনো ভালো করে কথাও ফোটেনি, ভিক্ষা দাও বলতে পারেনা, আধো আধো স্বরে কী বলে। দূরে ওর বাবা-মা দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি। ওর বাবা-মা-ই এটা ওকে দিয়ে করায়, ওর ভিক্ষার পয়সা নিশ্চয় নিয়েও নেয়। তাও আমি রোজ ওকে কিছু না কিছু দিই, যেদিন যা থাকে, এক টাকা-দু'টাকা। যেদিন একটু বেশি থাকে আমার কাছে সেদিন দশ টাকাও দিই। কিন্তু রোজ কিছু না কিছু দিই ওকে।'

পিয়ালির কতই বা বয়স হবে, মনে হয় কুড়ির ঘরের প্রথম দিকে, বাড়ির আর্থিক অনটনের জন্যে হয়ত কোনো কোর্স করে নিয়ে এই চাকরি করে, কতই বা রোজগার হবে, বাড়িতে এখন আরও তিনটে পেসেন্ট আছে বলল। আমার সঙ্গে মাঝেমধ্যেই গল্প হয় ওর সঙ্গে, ওদের সঙ্গে। আমার পিছনে লাগে ওরা নিয়মিতই। আমিও হাসি। বলে সকলের সঙ্গে তো এরকম করা যায় না, কিন্তু তোমার সঙ্গে করা যায়। বলি, তা বেশ।

কাউকে ভিক্ষা দেওয়া উচিত কী অনুচিত এই নিয়ে আমি এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। অধিকাংশ সময় দিইনা, মাঝে মধ্যে দিয়ে ফেলি। আর মাঝে মাঝেই মনে হয়, নিজেই বেকার মানুষ, চাট্টি ভিক্ষা জুটলে ভালো হয়।

আসলে এইসব পিয়ালিদের দেখে আমি রোজ ভালো থাকতে শিখি, বাঁচতে শিখি নতুন করে।


আর কয়েকদিন আগে মেয়ের প্রজেক্টের জন্য চাইল্ড লেবার সংক্রান্ত বিভিন্ন লেখার পাতা ওল্টাচ্ছিলাম। দুধের শিশুর হাতে ভিক্ষাপাত্র কি শিশুশ্রমের মধ্যে পড়ে? সেটাই ভাবছি শোনার পর থেকে।

প্রথম শিক্ষক

অধিকাংশের জীবনেই প্রথম শিক্ষক বাবা বা মা। আমারও হয়ত তাই। কিন্তু বাবা বা মা আমায় পড়াচ্ছে এমন কোনো স্মৃতিই আমার নেই। ছোটবেলায় আমাকে কেউ পড়াচ্ছে এটা সবসময়েই একবছরের বড় দাদার কথাই মনে করিয়ে দেয়। মানে ও যখন 'ড়ড়াই' আর আমি 'ললাই' বলি সেই বয়স থেকেই আমাকে শেখাতে এবং ভুল সংশোধন করতে ব্যস্ত থাকত নিয়মিত। আমার এখন তো মনে হয় নিশ্চয় অ আ ক খ শিখেই আমাকে শেখাতে বসেছিল। সেটা মনে নেই অবশ্য। তবে ক্লাস টুয়েলভ পর্যন্ত সায়েন্স ওর কাছেই পড়েছি। 

মনে আছে ও বাবার কাছে অন্য ছাত্রদের সঙ্গে বসে পড়ত। আর সেভেন-এইটে পড়তে দেওয়ালে রবার ছুঁড়ে ছুঁড়ে খেলত আর মা পরীক্ষার আগে পেছন থেকে সংস্কৃত পড়াত। আমাকেও পড়িয়েছে তো বটেই। কিন্তু আমার স্মৃতি জুড়ে শুধুই দাদার পড়ানো আর পড়া না পারলে মাথায় চাঁটি। ও যদি দুটো-তিনটে স্টেপ জাম্প করে অঙ্ক করায় তাহলে অঙ্কে নিতান্ত কাঁচা আমিই বা কী করি। রোজ একবার করে ঘোষণা করত, আর তোকে পড়াবই না। আবার পরেরদিন হাঁক পাড়ত, অঙ্ক বই খাতা নিয়ে আয় তাড়াতাড়ি। গ্রাজুয়েশনে জুওলজি নিয়ে আমার সবচেয়ে আনন্দ হল আর দাদার কাছে অঙ্ক করতে অথবা চাঁটি খেতে হবে না।

তবে শুধুই চাঁটিই তো আর নয়। ভীষণ নার্ভাস আমি মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন কেঁদেকেটে বমি করে একশা। পরেরদিন ফিজিকাল সায়েন্স পরীক্ষা, অথচ বিছানা থেকে ওঠার ক্ষমতা নেই। দাদা পাশে বসে সবটা পড়ে বুঝিয়ে তৈরি করে দিল, পরেরদিন পরীক্ষা দিয়ে এলাম। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দাদাকেই জানতে যেতে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়েও হস্টেল থেকে চলে আসতে হয়েছিল, রেজাল্ট দেখতেও ওই গিয়েছিল।


আমার স্মৃতিতে তাই দাদা-ই আমার প্রথম শিক্ষক।

Friday, September 4, 2015

তালাক তালাক তালাক

কেন মুসলিম বিবাহবিচ্ছেদ আলাদা করে মুসলিম ল বোর্ডের অধীনে থাকবে এটা আমার মাথায় ঢোকেনা। কেন সাধারণ বিবাহবিচ্ছেদের মতো উভয়পক্ষীয় হওয়ার কোনো সুযোগ থাকবেনা। একবিংশ শতকেও মুসলিম মেয়েদের অনেক ছোটবেলায় বিয়ে হয়। এখনও তাদের বোরখা পড়ে থাকতে হয়।

মুসলিম সমাজে প্রকৃত শিক্ষার অভাব এর মূল কারণ। ধর্মান্ধতার জন্ম দেয় প্রকৃত শিক্ষার অভাব। আর তার শিকার হয় নারী সমাজ।

পশ্চিমী দুনিয়ায় কালো মেয়েদের অবস্থা এবং অবস্থানের মতোই আমাদের সমাজে মুসলিম মেয়েদের অবস্থা এবং অবস্থান। একে নারী, তাই সে পুরুষ শাসিত সমাজের শিকার, তায় মুসলিম, তাই সে হিন্দু বিদ্বেষের শিকার, এবং সর্বোপরি সে মুসলিম নারী, তাই মুসলিম সমাজের শিকার।

আমেরিকান সাহিত্য পড়তে গিয়ে দেখেছি কালো মেয়েরা সাদা এবং কালো উভয় সমাজের পুরুষদের বিরুদ্ধে যেভাবে কলম ধরেছে, তা পড়তে পড়তে শিউরে উঠতে হয়। মুসলিম নারীদেরও নিজেদের কথা বলতে হবে নিজেদেরই। কিন্তু সেখানেও তারা দুর্ভাগ্যের শিকার। তাদের শিক্ষার সুযোগ খুবই সীমিত, আরও কম কথা বলার।

মাবেয়া খাতুনকে মনে পড়ে আমার। আমাদের সঙ্গে স্কুলে পড়ত। মধ্যমেধার এই মেয়েটি খুব ভালো সেলাই করত। ক্লাস নাইনে বিয়ে হয়ে যায়। আমায় বলেছিল, বিয়ে করার একটুও ইচ্ছে নেই ওর, আরও পড়াশোনা করার ইচ্ছে। নাহ্‌, স্কুলের চৌহদ্দির মধ্যে আর কোনোদিনই দেখিনি মেয়েটাকে। কোথায় আছে জানিনা, কটা ছেলেমেয়ে সামলাচ্ছে অথবা তালাক, তালাক, তালাক ঘটেছে কিনা।

মুসলিম যে পুরুষরা তুলনায় আধুনিক হয় তাদের কিন্তু এই সমাজ পরিবর্তনের দায়িত্ব অনেকটাই বর্তায়। যার মূল আছে নারী শিক্ষা প্রসারে। এক্ষেত্রে শিক্ষার অর্থ লিটারেসি নয় অবশ্যই, এডুকেশন।

রাজনৈতিক দলগুলি কিছু করবে না। মুসলিম ভোটের ঝোল টানার প্রয়োজন আছে সবারই। করতে হবে মানুষকেই।

Wednesday, September 2, 2015

আজীবন



তোমার সঙ্গে শেষ পর্যন্ত লড়ে যাব -
মানব না একটা কথাও।
তোমার জন্য শেষপর্যন্ত লড়ে যাব -
কিছুতেই মানব না কোনো বিরোধীতাও।

লড়াই যখন তোমার সঙ্গে আমার -
তুমি সততই বিরোধীপক্ষ।
লড়াই যখন অন্য কারোর সঙ্গে -
সবার আগে তোমার হাত আমিই ধরব জেনো।

এভাবেই লড়ে যাব একেবারে একা বা একা একা দুজনেই।
ঝগড়া চলছে চলবে বেঁচে আছি যতদিন।
লড়াই চলছে চলবে বেঁচে আছি যতদিন।
আর এভাবেই আজীবন বন্ধু হয়ে থাকব।